আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Tuesday, August 7, 2012

অ আ আজকের লেখালেখি- ৫৩


৫ই আগষ্ট ছিল 'বন্ধু দিবস'। এইটা আমাদের নতুন কালচার। তাও ভালো যে, অন্ততঃ এই একমাত্র দিন যেদিন একটু হলেও দু'চারটে টেক্সট মেসেজ পাঠিয়ে বন্ধুকে শুভেচ্ছা জানাই। আমার বন্ধু সংখ্যা নিতান্ত হাতে গোনা কয়েকজন, যাদের জন্যে আমার বন্ধু দিবস পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আমাদের প্রতিটি মুহূর্ত চলে বন্ধু দিবস। আমি আমার বন্ধুকে ফোন দিয়ে কিংবা টেক্সট পাঠিয়ে খুব একটা যে খবর নেই তাও না। তবে হঠাৎ কোথাও খেতে যেতে, মুভি দেখতে কিংবা কোন উৎসবে যেতে ইচ্ছে হলেই বন্ধুদের ডাক দেই। কেউ আসতে পারে কেউ পারে না। আমার বন্ধু ভাগ্য বলতে খুব ভালো বন্ধুত্বের সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে সেটি হলো, বন্ধুর প্রতি খেয়াল। যেটি আজকাল যুগে সবাই ডিজুস ফ্রেন্ড হয়ে আছে। হঠাৎ করে ইয়ো বলে ঝাঁপিয়ে পড়ে তারপর হঠাৎ করে গায়েব হয়ে যায়, তারপর কোন এক বন্ধু দিবসে তারঁ থেকে একটা টেক্সট মেসেজ আসে, "হ্যাপি ফ্রেন্ডশিপ ডে"। 

৬ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৩/৩৬৫

(ইন্টারনেট সমস্যার জন্যে লেখালেখি আপলোড দিতে বিলম্ব হয়েছে।)

অ আ আজকের লেখালেখি- ৫২

আমি যেদিন স্কুল ছেড়ে চলে এসেছিলাম সেদিন আমার পাঁচ বছরের একটা সম্পর্ক সমাপ্তি আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমার স্কুল প্রতিটি আনাচে কানাচে আমার আনাগোনা এখনও আমাকে নষ্টালজিক করে তুলে । আমাদের সেই খেলার মাঠ, দাবড়িয়ে ছুটে চলা মুহূর্ত।
আমাদের ফেয়ারওয়ালে ছিল আমরা শেষ দিন খুব মন খারাপ করে বসেছিলাম। কেউ কেউ নি

জেকে ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠেছিল। সেদিন স্যারদেরকে প্রথমবারের মতন চোখ মুছতে দেখেছিলাম। সেদিন আমি ক্লাসে বসে সবাইকে উৎসর্গ করে এই কবিতাটা লিখেছিলাম।

বেদনার ফুল

বসুন্ধরার আঙ্গিনায় বাগানে
নতুন এক গোলাপে অস্তিত্ব ,
শুভ্র কিংবা
গাঢ় অন্ধকারের মত নয়
একেবারে টকটকে লাল ।

একদিন সকালে কি যেন ভেবে
বাগানে গেলাম ফুলের জন্যে
তাতে সবে কলি থেকে জেগে উঠেছে রক্ত গোলাপ ।
তাকে বুকের অকৃত্রিম ভালোবাসা জানাতে
হাতখানি গোলাপের মাথায় বুলিয়ে দিতে গিয়ে
কোথা হতে
অজানা অচেনা কন্টক
বাঁধ সাধল আঙ্গুলের কোণায় এসে ।
অস্ফুট ব্যথ্যাতে
কাতরাতে
কাতরাতে
ক্ষুদ্র ক্ষুদ্র লাল বর্ণ জমা হয়ে
শেষে কিনা আমার হাতেই
ফুটল এক অলৌকিক ফুল ।

সেই ফুলটা
গোলাপের মতই রূপসী
প্রাণবন্ত
কিন্তু জানে না শুধু
ভালোবাসা দিয়ে সৌরভ ছড়াতে ।
একটু কষ্ট দিয়ে
হাতে যখন জন্মে গেছে
নামতো একটা দিতেই হয়
তাড়াহুড়ো করে তাই
নামটা দিয়েছি সাদামাটা,
“বেদনার ফুল” ।

(অয়ন আহমেদ)

৫ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫২/৩৬৫

(ইন্টারনেট সমস্যার জন্যে লেখালেখি আপলোড দিতে বিলম্ব হয়েছে।)

Saturday, August 4, 2012

বন্ধু ছিল বোধহয়

ক্রিং ক্রিং দরজায় অনবরত বেল,
বিকাল ৫ টার কাঁটা ছুইছুই,
আলসেমীতে হল দেরি
অতঃপর খুলে দেখি
কোথাও কেউ নেই,
আমি দীর্ঘশ্বাস ফেলি,
বন্ধু ছিল বোধহয়।

আমাদের চা পানের আড্ডা,
নিছক স্মৃতির পাতা,
এস্ট্রেটে হঠাৎ খুঁজে পাই,
সিগারেটের শেষ ধোঁয়া।
হয়ত কিছুক্ষণ আগে, 
বন্ধু ছিল বোধহয়।

হঠাৎ অফিস আদালতে,
শপিং সেন্টারে, 
দেখা হয়ে যায়, 
কিছু ভুলো যাওয়া মুখের সাথে,
আমি দ্রুততায় স্পষ্ট মনে করতে পারি না,
শেষমেষ নিরাশ হয়ে ভেবে নেই,
হবে হয়ত কেউ
বন্ধু ছিল বোধহয়।

অয়ন আহমেদ
৫ই আগষ্ট, ২০১২

(কবিতা দিয়ে বন্ধু দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। যারা আমার বন্ধু হয়ে আছে, যারা হারিয়ে গেছে এবং যারা হারানো অপেক্ষায় প্রহর গুনছে। সব বন্ধুদের বলছি, তোরা সারাজীবন যেমন বন্ধু ছিলি তেমন থাকবি, শুধু মাঝে মাঝে আমার স্মৃতিভংশের জন্যে আমাদের তোদের ভুলে গেলে আমাকে মনে করিয়ে দিস। সেজন্য তোরা কেউ কেউ হয়ত কষ্ট পাবি, আমি তাই আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি।)

অ আ আজকের লেখালেখি - ৫১

প্রথমে লেখার শুরুতে ভাবতে পারি নি এত দিন ধরে টানা লিখে যাব। টানা পঞ্চাশ দিন লিখে যাওয়া আমার জন্যে সত্যি খুবই আর্শ্চযজনক ব্যাপার। প্রথমবারের মতন এইরকম অর্জন খুব ভালো লাগার মতন। 

কতগুলো মানুষের জন্যে লিখতে ভালো লাগে এবং যার ধারাবাহিকতায় অনেকেই আব্দার করছে বই যেন বের করি । আসলে এই সব কিছু আমাকে অতিরিক্ত ভালবাসার বর্হিপ্রকাশ। 


হঠাৎ মনে পড়ে গেল হুট করে লিখে ফেলা জীবনে প্রথম কবিতা "দৈত্য" এর কথা। আমার নানুর ডায়রীতে আমি লিখে রেখেছিলাম। এক সময় হারিয়ে ফেলেছিলাম। নানু মারা যাওয়ার পর অনেক কিছু স্মৃতি হিসাবে পেয়েছিলাম। নানুর লেখা স্বরচিত ডায়রী, সেখানে একদিন আবিস্কার করলাম আমার লেখা সেই পুরানো এবং প্রথম কবিতা। দীর্ঘ পঁচিশ বছর পর এই ভাবে প্রিয় কিছু পেয়ে যাওয়াতে চোখের ভিতর পানি চলে এসেছিল।


দৈত্য

দৈত্য সেজেছে কালো আকাশ ,
শনশন করে বাতাস ।
কত জানা কত অজানা ,
মানুষ করেছে কল্পনা ।
চোর সেজেছে গোপাল ভাঁড় ,
গোপাল সেজে খেয়েছে মার ।
ঝড়ে বিদ্যুৎ চমকায় ,
বাঘে ঘাড় মৎকায় ।
বাঘে খায় মাংস ,
মজার গল্প বইয়ে আছে ছোট অংশ ।
মেয়েটির নাম ববিতা
শেষ করছি কবিতা ।

(অয়ন আহমেদ , ০৪.০৯.১৯৮৭)



৪ঠা আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫১/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি- ৫০

অনেক দিন পর শেষ রাতের দিকে বৃষ্টিতে ভিজলাম। অদ্ভূত রকম অনুভূতি। কৈশোরের ঝুম বৃষ্টিতে ভিজার আনন্দ আজকাল কেমন যেন পানসে লাগে। বড় হয়েছি বোধহয়,
তাই মাথায় ভর করে রাজ্যের দুশ্চিন্তা, ঠান্ডা লেগে যাবে, কিংবা শেষ রাতের দিকে হয়ত হঠাৎ জ্বরে কাঁতরাবো।

অনেকদিন প্রানখুলে বৃষ্টিতে ভেজা হয় না। শেষবার কবে হুড তুলে দিয়ে কিংবা বিশাল খোলা বারান্দায় কিংবা খেলার মাঠে ঝুম বৃষ্টিতে ভিজে চুপসানো স্মৃতিরা বড্ড মন খারাপ করে। আজ এমন একটা সময় যাচ্ছে বৃষ্টি পড়ছে দেদারসে খুব শব্দ করে, প্রায়শই ভেজা মাটির গন্ধ পাই। ইচ্ছে করে খুব ইচ্ছে মতন ভিজি। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নেই।

বাদল দিনে স্কুল থেকে ফিরতাম কাক ভেজা হয়ে। বাড়ী ফিরতেই মা আমার মাথাটা টাওয়েল দিয়ে অসম্ভব মমতায় মুছে দিতেন। গরম দুধ খেতে খেতে আমি রোদের জন্যে অপেক্ষা করতাম। তার রোদে শুকাতে দিতাম আমার ভিজে যাওয়া খাতা, পুরানো কিছু টাকা দু'টাকা, পাঁচ টাকা কিংবা দশ টাকা, স্কুলের আইডি কার্ড। বৃষ্টিতে ভিজে ফ্যাকাশে হয়ে যেত নিজের আইডি কার্ডে থাকা ফটো।

আজ প্রচন্ড মিস করি সেই দিনগুলো, আজও প্রচন্ড ইচ্ছা করে ঝুম বৃষ্টিতে সেই দিনের মত কাক ভেজা হবো, হেঁটে যাব কাজলা দীঘির পাড়ে। তুই আসবি আমার সাথে, ঝুম বৃষ্টিতে ভিজবি কি আমার ছোট্ট গাঁয়ের পথে হেঁটে ??


৩রা আগষ্ট, ২০১২
---------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫০/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

(ইন্টারনেট সমস্যার জন্যে লেখালেখি আপলোড দিতে বিলম্ব হয়েছে।)

Thursday, August 2, 2012

অ আ আজকের লেখালেখি- ৪৯


শেষ জলের তলাতে


কতশত ছবির ভিড়ে,
গিজগিজ করতে থাকা 
যত্রতত্র ফটোগ্রাফারদের ভিড়ে,
কতশত লাল সবুজ ছবির প্রদশর্নী।
কিচিমিচি হৈচৈ উল্লাসের ভিড়ে,
তোকে পেলাম না কোথাও।
অজস্র চেনা মুখ,
অনেক অচেনাও আছে,
কিন্তু কইরে তুই?
সব্বাই তোর কথা বলে,
কতজনই তোকেই নিয়ে ভাবে,
তোর সেই তোলা ছবি
আজও মনের আড়ালে দাগ কাটে।
কিসের অভিমানের তোর এত ?
জানা নেই 
তোকে পেতে
প্রিয় মানুষগুলো
চোখের জল ফেলবে 
আর কত!


(অয়ন আহমেদ)


২রা আগষ্ট, ২০১২
-----------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৪৯/৩৬৫


পুরাতন লেখালেখিগুলো

Wednesday, August 1, 2012

অ আ আজকের লেখালেখি- ৪৮

অসম্ভব ব্যস্ততার ভিড়ে আজ ফিরে গেলাম পুরানো সেই ছোট বেলার পাড়ায়। আমাদের সেই ছুটে চলা অলিগলি অস্ত্রোপাচারে এবড়ো থেবড়ো। এদিক ওদিক ভাঙ্গা উচুঁ নিচু । প্রচন্ড মন খারাপ হল। হরতালে আমরা এ রাস্তাতে অনাবিল ছুটেছি বল পায়ে। কখনো সখনো ব্যাট চালিয়েছি সপাটে। ক্রিকেটের চিৎকার সোরগোল সারা পাড়া। আমার সেই পুরানো ছোট ঘরের জানালা দিয়ে আজও আলো আসে ধীরে। আযান শোনা যায় স্পষ্ট, তবে তরুন অচেনা স্বরে, সেই পুরানো গম্ভীর কন্ঠস্বরের মানুষটি নেই চলে গেছে কোথাও। উঁকি দিলাম সেই পুরানো আড্ডার গাছের তলাতে দেখি গৃহহীন একগাদা মানুষ ঘুমাচ্ছে। পাশে গড়ে উঠেছে হঠাৎ গজিয়ে উঠা দোকান-পাট। পুরাতন লন্ড্রিওয়ালা যে আমার স্কুল-কলেজের শার্টগুলো মায়া মাখানো হাতে সাজিয়ে রাখত সে আজ তেমন একটা চোখে দেখে না। আজ আমাকে চিনতে পারে না। আমি অস্ফুট কন্ঠে বলি, "চাচা ভালো আছেন তো?" । লন্ড্রি চাচা চিনতে পারে না , শুনতেও পায় না  এখন। প্রিয় ফুচকা দোকানটাতে দেখি নতুন একটা ছেলে কাপড় সিলাই করছে নতুন টেইলার্স। একগাদা নতুন কাপড় ঝুলানো। অনেক মানুষে গিজগিজ। সবাই অচেনা। আশেপাশে সেই পুরানো সব একতলা-দোতালা বিশাল বারান্দার বাড়ী ঘরের বদলে নতুন আকাশ ছোঁয়া ছোট কবুতর কোটরের বাড়ী। আর সেই সব পুরানো চেনা মুখের বদলে অচেনা মানুষের ভিড়। সেই সব পুরানো মুখের স্মিত আন্তরিকতার হাসির বদলে নতুন মুখে রাজ্যের বিরুক্তির অভিব্যাক্তি। এই সব দেখি বিষন্নতায় ভুগি, প্রচন্ড মন খারাপ করে নতুন ঘরে ফিরি পুরানো ঘর ফেলে।   



দুই শূন্যে


দু'দিকে যায়, দু'দিকে যায় - একদিকে কেউ যায় না
দু'টি জীবন চাখতে গেলেও একটিকে হারায় না
এমন মানুষ পাওয়া শক্ত, চতুর্দিকে বেড়ায়
বন্দী করে রাখছে এবং যে নেই তাকে এড়ায়


সমস্ত দিন সমস্ত রাত এই খেলাটির কাছে।
আমার হৃদয় ভাগ ক'রে দুই শূন্যে বসে আছে।


(শক্তি চট্টোপাধ্যায়) 


১ লা আগষ্ট, ২০১২
-----------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৪৮/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/